শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

দীপিকার পোশাক নিয়ে আপত্তি, শাহরুখকে বয়কটের হুঁশিয়ারি বিজেপি নেতার

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম
দীপিকার পোশাক নিয়ে আপত্তি, শাহরুখকে বয়কটের হুঁশিয়ারি বিজেপি নেতার

বলিউড তারকা শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে। সিনেমাটির প্রথম গান ‘তু মিল যায়ে’-তে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের পোশাক নিয়ে আপত্তি তুলেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক বিধায়ক। শুধু তা-ই নয়, গানটির সংশ্লিষ্ট দৃশ্য পরিবর্তন না করলে দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এ ঘটনায় সরাসরি শাহরুখ খানকেও আক্রমণ করেছেন বিজেপি নেতা রবীন্দ্র সিং নেগি।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির পটপড়গঞ্জের বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘কিং’ সিনেমার গানটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার আপত্তি, গানটিতে দীপিকার গেরুয়া পোশাকের ব্যবহার সনাতন ধর্মের প্রতি অসম্মানজনক।

এ প্রসঙ্গে শাহরুখ খানকে ‘জিহাদি’ বলেও আক্রমণ করেন এই বিজেপি বিধায়ক। তাঁর অভিযোগ, শাহরুখ খানসহ এ ধরনের মানুষেরা ভারতের অর্থ উপার্জন করলেও সেই দেশ ও সংস্কৃতিকেই অপমান করছেন। গানটিতে দীপিকা কেবল একটি ঘুঁটি, এর পেছনে অন্যদের পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেন তিনি।

নেগির ভাষ্য, তাদের বিশ্বাসের সনাতন ধর্মে এ ধরনের পোশাক পরে নাচের বিষয়টি গ্রহণযোগ্য নয়। তাই গান থেকে সংশ্লিষ্ট দৃশ্যটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তিনি।

এ সময় তিন বছর আগে মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার কথাও টেনে আনেন বিজেপির এই বিধায়ক। ওই সিনেমার ‘বেশরম রং’ গানে দীপিকাকে গেরুয়া রঙের বিকিনি পরতে দেখা গিয়েছিল। তখনও পোশাকের রং নিয়ে আপত্তি তুলেছিল ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। এবারও একই ধরনের প্রতিবাদ গড়ে তোলার কথা জানিয়েছেন নেগি।

শাহরুখ খানকে সতর্ক করে তিনি বলেন, ‘আমরা শাহরুখ খানকে সতর্ক করছি, এই দৃশ্য পরিবর্তন না করলে সারা দেশে বিক্ষোভ হবে। সনাতন ধর্মের বিরুদ্ধে কোনো কিছুই কেউ সহ্য করবে না।’

এ ছাড়া ভারতের অর্থে তারকা হয়ে ওঠা ব্যক্তিদের এমন কর্মকাণ্ডের জন্য লজ্জিত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে দীপিকা পাড়ুকোনেরও লজ্জা পাওয়া উচিত বলে দাবি করেন এই বিজেপি বিধায়ক।

তবে নেগির এসব মন্তব্য কিংবা দৃশ্য পরিবর্তনের দাবি নিয়ে এখন পর্যন্ত শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন অথবা সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও শাহরুখকন্যা সুহানা খান। এ ছাড়া সিনেমাটিতে রয়েছেন অভিষেক বচ্চন, রানি মুখার্জি, কারিনা কাপুর, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, ববি দেওল, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লাসহ আরও অনেকে। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

সূত্র: ফ্রি প্রেস জার্নাল।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...