শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
লালমনিরহাটের ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনিসাড়ে ৪ মাসের জন্য খুলছে সেন্টমার্টিন, বাধা নেই রাতযাপনেলালমনিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রলিতে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীরপাবনায় জোড়া খুন: দুই দিন পর অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেইএবার মক্কা জোটে যোগ দিতে পারে ইরান!মধ্যরাত থেকে কার্যকর জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞাদলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: দেলাওয়ার হোসেনমোহাম্মদপুরে ভাত রান্না নিয়ে তর্ক, কাঁচির আঘাতে আহত কিশোরের মৃত্যুমুমিনুলের বদলে অমিত, সিলেট টেস্টের দল ঘোষণা বাংলাদেশেরবান্দরবানে ১৮ প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছে ৪৪ শিক্ষার্থী
বিজ্ঞাপন

মেসি নেমেও পারলেন না, নিউইয়র্ক রেড বুলসের কাছে মায়ামির হার

নিজস্ব প্রতিবেদক২৫ অক্টোবর ২০২৬, ০২:৫১ পিএম
মেসি নেমেও পারলেন না, নিউইয়র্ক রেড বুলসের কাছে মায়ামির হার

স্পেন সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে দ্রুতই মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে দলের হার এড়াতে পারেননি আর্জেন্টাইন তারকা। নিউ জার্সির স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে শনিবার (২৪ অক্টোবর) রাতে ইন্টার মায়ামিকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক নিউইয়র্ক রেড বুলস। একটি আত্মঘাতী গোল ও শেষ মুহূর্তের আরেকটি গোলে টানা তিন জয়ের পর হারের মুখ দেখল ফ্লোরিডার দলটি।

ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে চাপ তৈরি করে খেলতে থাকে রেড বুলস। যার ফল মেলে সপ্তম মিনিটেই। ডান দিক থেকে কেইড কাওয়েলের বাড়ানো ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন মায়ামির ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। শুরুতেই পিছিয়ে পড়ে ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করলেও প্রথমার্ধে তেমন কোনো সুবিধা করতে পারেনি মায়ামি। বিপরীতে ব্যবধান বাড়ানোর কয়েকটি দারুণ সুযোগ তৈরি করেছিল নিউইয়র্ক। তবে আক্রমণভাগের ব্যর্থতায় এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

মেসি নামলেও ভাগ্য বদলায়নি

স্পেনের ওভিয়েদোতে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার গ্রহণ করে ফেরায় লম্বা ভ্রমণের কারণে মেসিকে শুরুর একাদশে রাখেননি মায়ামির কোচ ক্রিস্তিয়ান গঞ্জালেস। তবে পিছিয়ে থাকা দলকে ম্যাচে ফেরাতে দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে রিকেলমে ফিলিপির জায়গায় আর্জেন্টাইন অধিনায়ককে মাঠে নামান তিনি।

মেসি মাঠে আসার পর মায়ামির আক্রমণভাগে গতি ফেরে। ৬০ মিনিটে তার বাড়ানো বলে শট নিলেও তা লক্ষ্যে রাখতে পারেননি রদ্রিগো দি পল। ম্যাচের ৮৪তম মিনিটে গোলের সবচেয়ে সহজ সুযোগটি পায় মায়ামি। মেসির সহায়তায় সান্তিয়াগো মোরালেসের নেওয়া শট ফিরিয়ে দেন নিউইয়র্কের গোলরক্ষক ইথান হরভাথ। ফিরতি বলে তেলাসকো সেগোভিয়া জোরালো শট নিলেও তা ক্রসবারে প্রতিহত হলে সমতায় ফেরা হয়নি তাদের।

ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে উল্টো আরও এক গোল হজম করে মায়ামি। ক্যামেরন হারপারের পাস পেয়ে ডি-বক্সের ভেতর থেকে গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান সুইডিশ ফরোয়ার্ড এমিল ফোর্সবার্গ। আর এতেই ২-০ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে নিউইয়র্ক রেড বুলস।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...