তামিম স্থাপনা তৈরি করছেন, খেলোয়াড় কতটা তৈরি করছেন, আফতাবের প্রশ্ন

তামিম ইকবাল বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার পর অনেক কিছুতেই দৃশ্যমান উন্নতি। ড্রেসিংরুম সংস্কার করেছেন। সাবেক ক্রিকেটারদের জন্য তৈরি করছেন টাইগার্স ডেন। দলের ক্রিকেটারদের জন্য সুইমিং পুল তৈরি হচ্ছে, সংস্কার হচ্ছে জিমনেসিয়াম। বিসিবি একাডেমিতে বসছে টার্ফ। দায়িত্ব নেওয়ার আট মাসে প্রশংসনীয় অনেক কিছুই করছেন তামিম ইকবাল। কিন্তু ক্রিকেটার তৈরির কাজ কতটুকু করছেন তিনি—ঠিক এই প্রশ্নটাকে এবার নিয়ে এলেন আফতাব আহমেদ।নিজের অফিশিয়ল ফেসবুক পেজে আফতাব গতকাল এক ভিডিও বার্তায় সামনে নিয়ে এসেছেন এই প্রশ্ন। বিসিবি সভাপতির প্রশংসা দিয়েই শুরু করেন আফতাব, ‘আমাদের এখন বর্তমানে যিনি প্রেসিডেন্ট আছেন, আমি প্রশংসা করি যে তিনি সুন্দর ড্রেসিংরুম বানিয়েছেন। অ্যাথলেটিক ট্র্যাক বানাচ্ছেন। আরও অনেক কিছু বানাচ্ছেন। প্রশংসা করার মতোই। এটা তো আসলে আমাদের জন্য খুবই দরকার। সুযোগ-সুবিধা যত বাড়বে, আমাদের ক্রিকেটারদের জন্য তত ভালো কিছু হবে।’

