তাহমিমা আনামের উপন্যাস অবলম্বনে টিভি সিরিজ

বাংলাদেশে জন্ম নেওয়া খ্যাতিমান ব্রিটিশ লেখিকা তাহমিমা আনামের আসন্ন উপন্যাস ‘গুড বুকস’ অবলম্বনে তৈরি হচ্ছে টিভি সিরিজ। এমি-মনোনীত চিত্রনাট্যকার অ্যালিসন ব্রাউনের সঙ্গে যৌথভাবে এই সিরিজের চিত্রনাট্য সাজাচ্ছেন তাহমিমা নিজেই। ‘এমিলি ইন প্যারিস’, ‘ইয়াঙ্গার’, ‘আপলোড’, ‘স্টাক ইন দ্য মিডল’সহ অনেক জনপ্রিয় সিরিজের চিত্রনাট্য লিখে খ্যাতি পেয়েছেন অ্যালিসন ব্রাউন।
ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, সিরিজটি যৌথভাবে প্রযোজনা করছে ব্রিটিশ-আমেরিকান প্রযোজনা প্রতিষ্ঠান পেসসেটার প্রোডাকশনস এবং কুডোস।
প্রকাশনাজগতের অন্দরমহলের নানা ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে গুড বুকস উপন্যাস। নিউইয়র্কের এক বইয়ের দোকানে কর্মরত রায়া চ্যাটার্জি ও লন্ডনের স্বনামধন্য লিটারারি এজেন্ট প্রু ম্যাকনিলের অপ্রত্যাশিত সাক্ষাৎ ঘিরে এগিয়েছে কাহিনি। এই সাক্ষাতের পর রায়ার জীবনে আসে নতুন ক্যারিয়ারের সুযোগ, ফিরতে হয় জন্মশহর লন্ডনে এবং মুখোমুখি হতে হয় ফেলে আসা অতীতের নানা গোপন রহস্যের।

