শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
লংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমিরজামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১ধর্মীয় বক্তা মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারীহ্যাকিংয়ে চুরি হওয়া সম্পদের ৯০ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সেরচোখে আলো নেই, তবুও জিপিএ-৫ পেলেন মৌমিপ্রতিমন্ত্রীর নির্দেশনা অমান্য করে সংবর্ধনা অনুষ্ঠানে ‘অশ্লীল’ নৃত্য, ছাত্রদলের কমিটি বিলুপ্ত
বিজ্ঞাপন

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক-ডায়াগনস্টিকের অনুমোদন নয়

নিজস্ব প্রতিবেদক২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পিএম
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক-ডায়াগনস্টিকের অনুমোদন নয়

সরকারি হাসপাতালের আশপাশে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ন্ত্রিত বিস্তার ঠেকাতে নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে কোনো সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমোদন দেওয়া হবে না।

একই সঙ্গে সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে আগে থেকেই চালু থাকা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে সরকারি চিকিৎসকদের প্র্যাকটিসের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে সই করেন অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম।

অফিস আদেশে বলা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মানোন্নয়নবিষয়ক সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সভার কার্যবিবরণীর ৩ নম্বর সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে নতুন এ ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।

নির্দেশনায় সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক, হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমোদন না দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ওই সীমার মধ্যে আগে থেকে থাকা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সরকারি চিকিৎসকদের রোগী দেখার বিষয়েও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। গৃহীত পদক্ষেপের বিষয়ে দ্রুত স্বাস্থ্য অধিদপ্তরকে লিখিতভাবে জানাতেও বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এ নির্দেশনার ফলে সরকারি হাসপাতালকেন্দ্রিক বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোর অনুমোদন ও সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে নতুন করে নিয়ন্ত্রণ আরোপ হলো।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...