রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়েবরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক
বিজ্ঞাপন

গেন্ডারিয়ায় আত্মরক্ষার্থেই অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন প্রতিমন্ত্রী ইশরাক

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পিএম
গেন্ডারিয়ায় আত্মরক্ষার্থেই অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন প্রতিমন্ত্রী ইশরাক

রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানকালে আত্মরক্ষার্থেই নিজের বৈধ আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরেছিলেন বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। একই সঙ্গে শনিবার (১৭ অক্টোবর) বিকেলের ওই ঘটনা নিয়ে কিছু গণমাধ্যমে অপতথ্য ও বিকৃত সংবাদ প্রচার করা হয়েছে বলেও তিনি অভিযোগ তুলেছেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টা ২৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে তিনি এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, কর্মসূচি চলাকালে একটি অবৈধ অস্থায়ী ডেরার কাছাকাছি পৌঁছাতেই ৩০ থেকে ৩৫ জন উচ্ছৃঙ্খল ব্যক্তি মারমুখী হয়ে হট্টগোল করতে করতে তাঁদের গাড়িবহরের দিকে ছুটে আসে। এমন বাস্তবতায় সুনির্দিষ্ট হামলার আশঙ্কা দেখা দিলে জানমালের নিরাপত্তায় তিনি ও তাঁর সরকারি নিরাপত্তারক্ষীরা তাৎক্ষণিকভাবে গাড়ি থেকে নেমে পড়েন এবং অত্যন্ত স্বল্প সময়ের জন্য আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্কবার্তা

ইশরাক হোসেনের দাবি, ওই এলাকায় যাওয়ার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজস্ব গোয়েন্দা সূত্রে তাঁকে নিরাপত্তাঝুঁকি এবং মাদক কারবারিদের পক্ষ থেকে ভবনের ছাদ থেকে আকস্মিক গুলিবর্ষণের আশঙ্কার বিষয়ে সতর্ক করা হয়েছিল। তবে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হওয়ার পরপরই অস্ত্রটি যথাস্থানে রেখে দেওয়া হয়। প্রদর্শিত আগ্নেয়াস্ত্রটি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্সপ্রাপ্ত এবং আইনানুগ কাঠামোর মধ্যে থেকেই কেবল আত্মরক্ষার স্বার্থে সেটি প্রদর্শন করা হয়েছিল।

গণমাধ্যমের ওপর ক্ষোভ

বিবৃতিতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় হলো, চুয়াডাঙ্গা ডট নেটসহ মুষ্টিমেয় কয়েকটি গণমাধ্যম অতিউৎসাহী হয়ে খণ্ডিত তথ্য ও ফটোকার্ড প্রকাশের মাধ্যমে বিকৃত ও বিভ্রান্তিকর খবর পরিবেশন করেছে।

তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত এসব সংবাদে অভিযানের সাফল্য, পুলিশের কার্যকর ভূমিকা, মাদক ও অস্ত্র উদ্ধার এবং ছয় অপরাধীকে হাতেনাতে আটকের মতো ইতিবাচক দিকগুলো সুপরিকল্পিতভাবে চেপে যাওয়া হয়েছে। এর মধ্য দিয়ে সরকার ও জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। তারা কেবল ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’ শিরোনামে খণ্ডিত দৃশ্য প্রচার করেছে, যা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী। এ সময় যেকোনো সংবাদের সত্যতা ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যাচাই করে তা প্রকাশের জন্য গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

অভিযান ও মাদক উদ্ধার

অভিযানের বিবরণ দিয়ে ইশরাক হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই বিষয়টি গেন্ডারিয়া থানা-পুলিশকে অবহিত করা হয়। পরবর্তী সময়ে পুলিশের প্রত্যক্ষ উপস্থিতি ও সহায়তায় সন্দেহভাজন আস্তানাগুলোতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ থেকে ৫টি অবৈধ অস্থায়ী মাদকের ডেরা গুঁড়িয়ে দেওয়া হয়। সেখান থেকে হেরোইন বা হেরোইনজাতীয় মাদক, বিদেশি মদ, মাদক গ্রহণের বিভিন্ন উপকরণ, বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র, মাদক কেনাবেচার নগদ অর্থ এবং ছিনতাই করা মুঠোফোন জব্দ করা হয়।

এ ঘটনায় সরাসরি জড়িত ৬ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করে জব্দ করা মালামালসহ গেন্ডারিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য আরও উল্লেখ করেন, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই গেন্ডারিয়ার ঘণ্টিঘর, মুন্সিটেক, করাতিটোলা ও আশপাশের এলাকায় মাদক কেনাবেচা এবং শিক্ষার্থীদের মধ্যে তা ছড়িয়ে পড়া নিয়ে স্থানীয়দের কাছ থেকে নিয়মিত অভিযোগ পাচ্ছিলেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে এলাকাটি মাদক চোরাচালানের অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়। এর আগে গত জুন মাসে মাদকসংক্রান্ত সহিংসতায় ৩ জন নিরীহ নাগরিক গুলিবিদ্ধ হওয়ার পর তিনি এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একাধিক সমন্বয় বৈঠক করেছিলেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...