মৃত ব্যক্তির মাগফিরাত ও কবর জিয়ারতে রাসুল (সা.)-এর দোয়া

দুনিয়া ছেড়ে চলে যাওয়া মানুষের জন্য দোয়া ও ক্ষমার আবেদন জানানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন রাসুলুল্লাহ (সা.)। পরলোকগতদের শান্তি ও পারলৌকিক মুক্তির জন্য তিনি নিজে একাধিক দোয়া পাঠ করতেন এবং উম্মতকেও তা শিখিয়েছেন।
মৃত ব্যক্তির ক্ষমার জন্য রাসুল (সা.)-এর দোয়া
সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.) মৃত ব্যক্তির জন্য এভাবে দোয়া করতেন—
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ، وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ
উচ্চারণ: আল্লাহুম্মাগ ফির লাহু ওয়ার হামহু, ওয়া আ ফিহি, ওয়াফু আনহু, ওয়াকরিম নুজুলাহু, ওয়া ওয়াসসি মুদখালাহু, ওয়াগসিলহু বিল মায়ি ওয়াস সালজি ওয়াল বারাদি, ওয়া নাক্কিহি মিনাল খাতাআ কামা নাক্কায়তাস সাওবাল আবয়াসা মিনাদ দানাসি। ওয়াব দিলহু দারাং খায়রাং মিং দারিহি, ওয়া আহলান খায়রাম মিন আহলিহি, ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি, ওয়া আদখিলহুল জান্নাতা, ওয়া আয়িজহু মিন আজাবিল কবরি, ওয়া আজাবিন নারি।
অর্থ: হে আল্লাহ, তাকে ক্ষমা করুন এবং তাকে দয়া করুন। শান্তিতে রাখুন এবং তার থাকার স্থানটিকে মর্যাদাশীল করুন। তার কবর প্রশস্থ করে দিন। বরফ ও তুষারের শুভ্রতা দিয়ে তাকে গুনাহ থেকে এমনভাবে পরিচ্ছন্ন করে দিন, যেমন ময়লা থেকে সাদা কাপড় পরিষ্কার হয়। তাকে দুনিয়ার বাসস্থানের চেয়ে উত্তম বাসস্থান, পরিবার ও সঙ্গী দান করুন। হে মাবুদ, তাকে জান্নাতে দাখিল করুন, তাকে কবর আর দোজখের আজাব থেকে রক্ষা করুন। (সহিহ মুসলিম, হাদিস: ২/৬৩৪)
কবরবাসীর পাশ দিয়ে যাওয়ার সময়ের দোয়া
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) জানান, রাসুলুল্লাহ (সা.) মদিনার কবরগুলোর পাশ দিয়ে অতিক্রমকালে এই দোয়াটি পাঠ করতেন—
السَّلاَمُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالأَثَرِ
উচ্চারণ: আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম। আংতুম সালাফুনা, ওয়া নাহনু বিল আসার।
অর্থ: হে কবরবাসী, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আমাদের ও তোমাদের ক্ষমা করুন, তোমরা আমাদের আগে কবরে গিয়েছ এবং আমরা পরে আসছি। (সুনানে তিরমিজি, হাদিস: ১০৫৩)
কবর জিয়ারতের সময়ে পঠিত দোয়া
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রয়েছে, রাসুলুল্লাহ (সা.) একবার কবর জিয়ারত করতে গিয়ে পাঠ করেন—
السَّلامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤمِنينَ وإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاحِقُونَ
উচ্চারণ: আসসালামু আলাইকুম দারা কাওমিম মুমিনিন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন।
অর্থ: মুমিন এই ঘরবাসীদের ওপর শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ আমরা আপনাদের সঙ্গে মিলিত হব। (সহিহ মুসলিম, হাদিস : ২৪৯)

