মাটিতে উজ্জ্বল হলুদ বিন্দু দেখে খনন, মিলল স্বর্ণের খণ্ড

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে মাটিতে ছোট্ট একটি উজ্জ্বল হলুদ বিন্দু দেখে খনন শুরু করেন এক শৌখিন অনুসন্ধানকারী। কয়েক দিনের খোঁজাখুঁজির পর প্রায় এক হাজার ২০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের খণ্ড পাওয়া যায়। যার মূল্য অন্তত দেড় লাখ মার্কিন ডলার।
এবিসি নিউজের বরাতে মঙ্গলবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে টিবুবুরার কাছে মাউন্ট স্টুয়ার্ট স্টেশনে স্বর্ণের সন্ধান করছিলেন ওই ব্যক্তি। কয়েক দিন ধরে খনন করে তিনি পুরোনো পেরেক, ঘোড়ার খুরের লোহার অংশ ও ব্যবহৃত সিসার গুলির মতো মূল্যহীন জিনিস পাচ্ছিলেন।
এর মধ্যেই মাটিতে একটি ক্ষীণ হলুদ আভা দেখতে পান তিনি। আশপাশের মাটি সরাতেই বেরিয়ে আসে কোয়ার্টজ পাথর মেশানো আলুর আকারের স্বর্ণের খণ্ডটি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান, ধাতু শনাক্তকারী যন্ত্রে প্রথমে খুব জোরালো সংকেত পাওয়া যায়নি। তবে প্রায় ১০০ মিলিমিটার গভীরে যাওয়ার পর যন্ত্রটি তীব্র সংকেত দিতে শুরু করে। গর্তের প্রথম বা দ্বিতীয়বার মাটি সরানোর সময়ই তিনি হলুদ বিন্দুটি দেখতে পেয়েছিলেন।

