কানাডায় স্থায়ী বসবাসের বিশেষ সুযোগ, মানতে হবে যেসব শর্ত

দেশটিতে দুটি সরকারি ভাষা হলো ইংরেজি ও ফরাসি। কুইবেকের বাইরে ফরাসিভাষী জনগোষ্ঠীর বিকাশ, কর্মসংস্থান বাড়ানো এবং বিভিন্ন অঞ্চলে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে ফরাসিভাষী অভিবাসীদের ভূমিকা বাড়াতে চায় সরকার। বিশেষ করে কুইবেকের বাইরে বিভিন্ন প্রদেশে ফরাসিভাষী জনগোষ্ঠীর সংখ্যা বাড়ানো এবং স্থানীয় অর্থনীতিতে দক্ষ কর্মী যুক্ত করা এই নীতির অন্যতম লক্ষ্য।
২০২৬ সালের জন্য কুইবেকের বাইরে ফরাসিভাষী স্থায়ী বাসিন্দা গ্রহণের সরকারি লক্ষ্যমাত্রা ৩০ হাজার ২৬৭ জন। ২০২৭ সালে এই লক্ষ্য বাড়িয়ে ৩১ হাজার ৮২৫ জন নির্ধারণ করা হয়েছে। তবে এ লক্ষ্যমাত্রার সঙ্গে এক্সপ্রেস এন্ট্রিতে দেয়া আমন্ত্রণের সংখ্যা এক নয়। আমন্ত্রণ পাওয়া সব প্রার্থী একই বছরে স্থায়ী বসবাসের অনুমতি পাবেন, এমন নিশ্চয়তাও নেই।
কানাডার এক্সপ্রেস এন্ট্রি হলো দক্ষ পেশাজীবীদের জন্য দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অন্যতম জনপ্রিয় ও দ্রুততম অনলাইন ইমিগ্রেশন সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে মূলত বয়স, শিক্ষা, কাজের অভিজ্ঞতা এবং ভাষা দক্ষতার ওপর ভিত্তি করে পয়েন্ট দিয়ে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়।
দেশটিতে যারা পিআর ভিসায় স্থায়ীভাবে বসবাস করতে চান, তাদের জন্য এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে অভিবাসন হলো সবচেয়ে প্রচলিত পথ। এটি একটি পয়েন্ট-ভিত্তিক ব্যবস্থা; যেখানে দক্ষতা, কাজের অভিজ্ঞতা, কানাডায় চাকরির অবস্থা ও আঞ্চলিক মনোনয়নের ওপর ভিত্তি করে পয়েন্ট বরাদ্দ করা হয়।
আপনার সিআরএস স্কোর যত বেশি হবে, কানাডায় স্থায়ী বসবাসের জন্য আবেদনের আমন্ত্রণ (আইটিএ) পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে। যেসব প্রার্থী কানাডার পিআর আবেদনের জন্য এক্সপ্রেস এন্ট্রি পদ্ধতি বেছে নেন, তাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক্সপ্রেস এন্ট্রি আবেদনগুলো ১২ মাসের জন্য বৈধ থাকে এবং এগুলো প্রক্রিয়াকরণে ৬-১২ মাস সময় লাগে।
চলতি বছরের শেষভাগের সর্বশেষ আপডেট অনুযায়ী, আগামী ৩ নভেম্বর থেকে এক্সপ্রেস এন্ট্রির পয়েন্ট বিন্যাসে (সিআরএস) বড় ধরনের পরিবর্তন আসছে। এখন থেকে কানাডিয়ান উচ্চ-বেতনের কাজের অভিজ্ঞতা বা কোনো ভালো জব অফার থাকলে অতিরিক্ত সর্বোচ্চ ১৫০ পয়েন্ট পর্যন্ত পাওয়া যাবে। পাশাপাশি জব অফারের জন্য আর কোনো এলএমআইএ (লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট) লাগবে না।

