হঠাৎ ‘প্রায় এক ডজন’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

উত্তেজনা প্রশমনে দক্ষিণ কোরিয়ার আলোচনার প্রস্তাব দেওয়ার সপ্তাহ না হতেই নিজেদের পূর্ব উপকূলে ‘প্রায় এক ডজন’ স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়ার উনসান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে প্রায় এক ডজন স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করেছে তাদের সামরিক বাহিনী। এই জলভাগ জাপান সাগর নামেও পরিচিত।
জেসিএস আরও জানিয়েছে, সম্ভাব্য অতিরিক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কায় নজরদারি ও সতর্কতা জোরদার করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ক্ষেপণাস্ত্রগুলোর সুনির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করছে।
পৃথক এক বিজ্ঞপ্তিতে জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো দেখতে একটি বস্তু ইতোমধ্যে সাগরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জাহাজগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

