শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পিএম
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি

যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য মাস্টার্স ও পিএইচডি বৃত্তির সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে ফুলব্রাইট কর্মসূচির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত সমঝোতার আওতায় ২ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অ্যাকাডেমিক সহযোগিতা, শিক্ষক ও গবেষক বিনিময় এবং যৌথ গবেষণার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সহযোগিতার ক্ষেত্র ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে ইউজিসি ও ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে কমিশন ও যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি বিভাগের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউজিসি।

সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়ানো প্রয়োজন। বাংলাদেশের শিক্ষক ও গবেষকেরা যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং বিদেশি শিক্ষাবিদরা যাতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণায় অবদান রাখতে পারেন, সে জন্য দ্বিমুখী অ্যাকাডেমিক বিনিময় জোরদার করা জরুরি।’

তিনি বলেন, ‘শিক্ষক ও গবেষক বিনিময় এবং যৌথ গবেষণা উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্য সামনে রেখে দেশে ও বিদেশে শিক্ষক ও গবেষকদের জন্য ফেলোশিপের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা করছে ইউজিসি।’

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...