প্রেমিককে বিয়ের দাবিতে টাওয়ারে তরুণী, নামলেন অনলাইনে বিয়ের পর

প্রেমিককে বিয়ে করার দাবিতে প্রায় ১০০ ফুট উঁচু মোবাইল ফোনের টাওয়ারে উঠে পড়েন ১৯ বছর বয়সি এক তরুণী। পরিবার রাজি না হওয়া পর্যন্ত নিচে নামতে অস্বীকৃতি জানান তিনি। এ জন্য টাওয়ারেই পাড় করেন টানা চার ঘণ্টা। শেষ পর্যন্ত ভিডিও কলের মাধ্যমে সম্পন্ন হয় বিয়ে। পরে টাওয়ার থেকে নিচে নেমে আসেন ওই তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বাহরাইচ জেলায়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জিও নিউজ জানায়, তরুণীর নাম সাহিবা বেগম হলেও তিনি মেহেক নামে পরিচিত। ২১ বছর বয়সি প্রেমিক নুরুদ্দিনের সঙ্গে বিয়ের বিষয়ে মায়ের সঙ্গে তর্কের একপর্যায়ে তিনি টাওয়ারে উঠে পড়েন। এ সময় নুরুদ্দিন কাজের জন্য প্রায় এক হাজার কিলোমিটার দূরে মুম্বাইয়ে ছিলেন।
মেহেক ও নুরুদ্দিন বিয়ে করতে চাইলেও তাদের পরিবারের সদস্যরা এ সম্পর্কের বিরোধিতা করছিলেন। পরিবারের সম্মতি না পাওয়া পর্যন্ত নিচে নামতে অস্বীকৃতি জানান মেহেক। এমনকি বিয়ের দাবি পূরণ না হলে টাওয়ার থেকে লাফ দেওয়ার হুমকিও দেন তিনি।

