বাংলাদেশ ‘বিভক্তের’ দাবিতে কলকাতায় উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা ‘বঙ্গসেনা’র

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের দাবিতে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ‘বঙ্গসেনা’। এ ছাড়া রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হওয়া ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর মুক্তিও দাবি করেছে তারা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে শিয়ালদহ স্টেশন চত্বর থেকে মিছিল নিয়ে উপ-হাইকমিশনের দিকে রওনা হন গোষ্ঠীটির সদস্যরা। তবে পার্ক সার্কাস এলাকায় মিশনের দিকে এগোতে গেলে পুলিশের তৈরি তিন স্তরের নিরাপত্তাবলয়ের মুখে পড়েন তারা।
মিছিলে গেরুয়া পোশাক পরা নারী-পুরুষের পাশাপাশি বেশ কয়েকজন সাধু-সন্ন্যাসীও অংশ নেন। বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। তবে মিছিলটি পার্ক সার্কাসের কাছাকাছি পৌঁছালে কলকাতা পুলিশ আগে থেকে তৈরি করে রাখা উঁচু কাঠের ও ধাতব ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয়।

