ইউরোপজুড়ে ৭ যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকি, আকাশপথে আতঙ্ক

ইউরোপের আকাশপথে হঠাৎই ছড়িয়ে পড়ে নিরাপত্তা উদ্বেগ। একের পর এক যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকি পাওয়ার পর বিভিন্ন বিমানবন্দরে শুরু হয় জরুরি তল্লাশি। কোনো কোনো বিমানকে নিরাপদ স্থানে অবতরণ করানো হয়, আবার একটি উড়োজাহাজকে পাহারা দিয়ে নিয়ে যায় যুদ্ধবিমান। তবে তল্লাশি চালিয়ে কোথাও কোনো বিস্ফোরকের সন্ধান পাওয়া যায়নি।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) ইউরোপের পাঁচ দেশে অন্তত সাতটি যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এসব বিমানের মধ্যে ছিল রায়ানএয়ার, উইজ এয়ার, স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনস ও লটের উড়োজাহাজ। পোল্যান্ড, ইতালি, স্পেন, বুলগেরিয়া ও যুক্তরাজ্যে এসব হুমকির ঘটনা ঘটে।
একই সময়ে গ্রিসের সাইরোস দ্বীপের কাছাকাছি ইসরায়েলগামী ‘ক্রাউন আইরিস’ নামের একটি যাত্রীবাহী জাহাজেও বোমা হামলার হুমকি দেওয়া হয়। জাহাজটি তখন ইসরায়েলের হাইফা বন্দরের উদ্দেশে যাচ্ছিল। হুমকির পর নিরাপত্তার স্বার্থে যাত্রীদের জাহাজ থেকে নামিয়ে নেওয়া হয়। পরে সেখানে তল্লাশি চালিয়েও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
এর আগে সোমবার লন্ডনের লুটন বিমানবন্দর থেকে বুলগেরিয়ার রাজধানী সোফিয়াগামী উইজ এয়ারের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি আসে। পরিস্থিতি বিবেচনায় বিমানটি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অবতরণ করে। এ সময় হাঙ্গেরির গ্রিপেন যুদ্ধবিমান সেটিকে নিরাপত্তা দিয়ে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে।

