শীতের আগেই ঘর প্রস্তুতির কিছু জরুরি ধাপ

কার্পেট ও গালিচা সতেজ করা
শীতের দিনে বাইরে থেকে জুতায় করে কাদা ও ধুলোবালি ঘরে আসার আশঙ্কা বেশি থাকে। প্রবেশপথ, বারান্দা ও ড্রয়িংরুমের কার্পেট নিয়মিত ভ্যাকিউম বা ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখুন। কার্পেটে দাগ লাগলে দ্রুত তা তরল ডিটারজেন্ট দিয়ে মুছে ফেলুন, যেন দাগ বসে না যায়।
রান্নাঘরের ডিপ ক্লিনিং
শীতের সময় সুস্বাদু খাবার তৈরি এবং পরিবার নিয়ে ঘরে খাওয়ার আনন্দ অন্য রকম। তাই এই সময়ে রান্নাঘরের প্রতিটি কোণ ভালো করে পরিষ্কার করা প্রয়োজন। ক্যাবিনেটের হ্যান্ডেল, কাউন্টার টপ, সিঙ্ক, দেয়াল এবং মাইক্রোওভেনের ভেতরের অংশ ভালোভাবে মুছে জীবাণুমুক্ত করে নিন।

বাথরুমের বাতাস চলাচলের ব্যবস্থা
শীতের রাতে বাথরুম বন্ধ থাকলে জানালা ও দেয়ালে বাষ্প জমে স্যাঁতসেঁতে ভাব হতে পারে, যা থেকে ক্ষতিকর ছত্রাক বা মোল্ড জন্ম নেয়। তাই বাথরুমের এগজস্ট ফ্যান ঠিকমতো কাজ করছে কি না, তা নিশ্চিত করুন এবং ব্যবহারের পর দেয়াল বা আয়নার অতিরিক্ত বাষ্প মুছে ফেলুন।
শীতের কম্বল, চাদর ও কুশন কভার ধোয়া
আলমারিতে জমে থাকা শীতের ভারী কম্বল, কাঁথা, লেপ বা তোশক রোদে দিন। এ ছাড়া সোফার কুশন কভার ও অতিরিক্ত চাদর ব্যবহারের আগে ধুয়ে রোদে ভালোভাবে শুকিয়ে নিন। এতে ধুলোবালি ও অ্যালার্জির জীবাণু দূর হয়ে ঘরে চমৎকার তাজা ভাব তৈরি হবে।

