জীবননগরে বসতবাড়ি থেকে ১১৮ বোতল উইন-করেক্স সিরাপ জব্দ, অভিযুক্ত পলাতক

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১৮ বোতল উইন-করেক্স সিরাপ জব্দ করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের এক মাদক কারবারির বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে অভিযুক্ত ব্যক্তি বাড়ি থেকে পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জীবননগর থানা-পুলিশের একটি দল নতুনপাড়া গ্রামে বদরুদ্দিনের ছেলে আজাদের (৪০) বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। ওই সময় তার বসতঘর তল্লাশি করে লুকিয়ে রাখা ১১৮ বোতল উইন-করেক্স সিরাপ উদ্ধার করা হয়। পুলিশের দল পৌঁছানোর আগেই আজাদ কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজাদের বাড়ি থেকে ১১৮ বোতল উইন-করেক্স সিরাপ জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, উদ্ধার করা মাদক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর থানায় নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

