এনসিপির অনুষ্ঠানে শিল্পী আসিফ আকবর বললেন, ‘আমি নাহিদ ইসলামের ভক্ত’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রীড়া উইং ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর জানিয়েছেন, তিনি সংসদ সদস্য ও এনসিপি আহবায়ক নাহিদ ইসলামের ভক্ত। দেশের জন্য তার ত্যাগ-তিতিক্ষা রয়েছে বলে জানান আসিফ আকবর।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এ অনুষ্ঠানে এ কথা জানান আসিফ আকবর। এ সময় বিসিবির বর্তমান কার্যক্রম, বোর্ড নির্বাচন, ক্রীড়া মন্ত্রণালয়ের ভূমিকা এবং দেশের ক্রীড়াঙ্গনে দলীয়করণ ও দুর্নীতি নিয়েও সমালোচনা করেন তিনি।
আসিফ আকবর বলেন, বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ নিয়ে সংসদে কথা বলায় ১০০ বছর দোয়া পাবেন হাসনাত আব্দুল্লাহ।
ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যে রাজনৈতিক দলই খেলাধুলার উন্নয়নে কাজ করুক, দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে তাদের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত। ক্রীড়াঙ্গনে দলীয় স্বার্থের পরিবর্তে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বানও জানান তিনি।
এদিন নাজমুল আবেদীন ফাহিমকে আহ্বায়ক এবং এম নাজমুল ইসলামকে সদস্যসচিব করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’।
অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ অন্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একসময় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকিতে ছিল বলে দাবি করেন আসিফ আকবর। তিনি বলেন, তৎকালীন বিসিবি নিয়ে আইসিসির সঙ্গে আলোচনার একপর্যায়ে বিষয়টি সালিশি প্রক্রিয়ায় (আরবিট্রেশন) গড়ায়। তখন আইসিসির এক প্রতিনিধি বাংলাদেশকে নিষিদ্ধ করার আশঙ্কার কথা জানিয়েছিলেন। তবে দেশের ক্রিকেট ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ বিবেচনায় তারা আর কোনো পদক্ষেপ নেননি।
বিসিবির তৎকালীন বোর্ড গঠন নিয়েও অভিযোগ তোলেন এই সংগীতশিল্পী। তার দাবি, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সহযোগিতায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বোর্ড গঠন করা হয়েছিল। এ ক্ষেত্রে মন্ত্রীদের ক্ষমতার অপব্যবহার এবং আঞ্চলিক প্রভাব কাজে লাগানো হয়। 'বিএনপির কিছু ভেড়া-ছাগল' তাদের সাথে ছিল বলেও অভিযোগ করেন আসিফ।

