খুলনায় অপরাধ: পথে পথে চাঁদা, কথায় কথায় খুন

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৮ অক্টোবর ২০ লাখ টাকা ও ১০টি মোটরসাইকেল চাঁদা চেয়ে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের ‘চয়নিকা’ ফার্মেসির ম্যানেজার বাবুকে হুমকি দেয় খুলনার শীর্ষ একটি সন্ত্রাসী বাহিনী। এ ঘটনার পর ওই প্রতিষ্ঠানের ম্যানেজার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে গা ঢাকা দিয়েছেন। দোকানটি বর্তমানে বন্ধ। একই দিনে সন্ধ্যায় নগরীর আহসান আহমেদ রোডের চায়নিজ প্যালেসে ভাঙচুর চালায় সন্ত্রাসীরা।
এ ছাড়া ২৪ অক্টোবর ১০ কোটি টাকা চাঁদার দাবিতে নগরীর বাবু খান রোডে সন্ধানী ক্লিনিকে ভাঙচুর ও গুলি চালানো হয়। পরদিন সোনাডাঙ্গায় সন্ধানী ক্লিনিকের দ্বিতীয় শাখায় সশস্ত্র মহড়া দেয় দুর্বৃত্তরা। ঘটনার দুই দিন পর সন্ত্রাসীদের সঙ্গে আপস করে ক্লিনিক আবার চালু করে কর্তৃপক্ষ।
গত ২৬ অক্টোবর খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানারা বিনতে আহমেদের কাছে চাঁদা চেয়ে হুমকি দেয় সন্ত্রাসীরা। ‘হয় অর্থ, নয় রক্ত’ এমন হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় ওই কর্মকর্তা স্থানীয় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ দুজনকে আটক করে। বর্তমানে আতঙ্কে আছেন বলে জানান ওই স্বাস্থ্য কর্মকর্তা।

