একাধিক কর্মকর্তার ভাষ্য: নিয়োগের প্রতিশ্রুতি না রাখাতেই হেনস্তা আইইডিসিআর পরিচালক

গত রোববার আইইডিসিআরে গিয়ে কর্মকর্তা-কর্মচারীসহ অন্তত পাঁচজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার দিন প্রতিষ্ঠানটিতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। পুরোনো ভবনে ৩০ জেলার সিভিল সার্জন ও তিন বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অংশগ্রহণে হাম ও ডেঙ্গু মোকাবিলায় দ্রুত সাড়াদান কার্যক্রম নিয়ে সভা চলছিল। অন্যদিকে নতুন ভবনে পরিচালকের কক্ষে ঢাকার মার্কিন দূতাবাস ও দেশটির বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে হাম-রুবেলার টিকা, ডেঙ্গু পরীক্ষার কিট এবং হাম ও ডেঙ্গু মোকাবিলায় র্যাপিড রেসপন্স কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছিল। পাশের সভাকক্ষেই কাজ করছিলেন জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পরিচালকের ওপর হামলার ঘটনায় বিদেশি প্রতিনিধিরা বিব্রত এবং আতঙ্কিত হয়ে দ্রুত সভাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় অধ্যাপক জাকী বাদী হয়ে বনানী থানায় মামলা করেছেন। মামলায় ডা. জাহিদ হাসান, ডা. বাসেদুর রহমান সোহেলসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

