নারায়ণগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে নাইমুল (৩০) নামে একজনের শরীরের ৪২ শতাংশ পুড়ে গেছে এবং তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকেরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ি টেক এলাকার সিম গ্রুপ টেক্সটাইলে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ চারজনকে উদ্ধার করে রাত ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন নাইমুল (৩০), কামরুল (৫৫), ইসমাইল (৩০) ও তপন (৩৮)।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা ফজলে রাব্বি জানান, তিনি সিম গ্রুপ টেক্সটাইলের ফায়ার ইউনিটে কাজ করেন। ঘটনার সময় তারা অন্য একটি সাইটে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে এয়ার কম্প্রেসার বিস্ফোরিত হয়। এরপর আগুনে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, নাইমুলের শরীরের ৪২ শতাংশ ফ্লেম বার্ন হয়েছে। তার শ্বাসনালিও পুড়ে গেছে, যাকে ইনহেলেশন ইনজুরি বলা হয়।
তিনি জানান, দগ্ধ অপর তিনজনের মধ্যে কামরুলের ২৫ শতাংশ, ইসমাইলের ২০ শতাংশ এবং তপনের ১২ শতাংশ ফ্লেম বার্ন হয়েছে। তাদেরও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ার (ইনহেলেশন ইনজুরি) আশঙ্কা রয়েছে।
চিকিৎসক আরও জানান, দগ্ধ চারজনকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ৪২ শতাংশ দগ্ধ নাইমুলের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের বিশেষ টিম কাজ করছে।

