মেহেরপুরে জাল ব্যান্ডরোলের নকল বিড়ি পাচার মামলায় ৩ জনের ১৪ বছরের কারাদণ্ড

জাল ব্যান্ডরোল ব্যবহার করে বিপুল পরিমাণ নকল আকিজ বিড়ি পাচারের দায়ে তিনজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; যা অনাদায়ে তাদের আরও তিন মাস কারাভোগ করতে হবে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এ এস এম সাইদুর রাজ্জাক (টোটন) রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মেহেরপুর সদর উপজেলার জুগিন্দা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. শাহীন আলম (৩৫), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের মোহাম্মদ এলাহির ছেলে তহিদুল ইসলাম (৪২) এবং একই উপজেলার মোকলেসের ছেলে আরাফাত রহমান (২০)।
আদালত সূত্রে জানা যায়, আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক তা নামঞ্জুর করে সরাসরি কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালে কুষ্টিয়ার দৌলতপুর এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোলযুক্ত নকল আকিজ বিড়ি মেহেরপুরে পাচার করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে মেহেরপুর সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে পিকআপটি আটক করে এবং তল্লাশি চালিয়ে ৭ লাখ ৯৫ হাজার শলাকা নকল আকিজ বিড়ি জব্দ করে।
এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়, যার জিআর নম্বর ২৫১/২৪ এবং এসটিসি নম্বর ১৫/২৫। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করে এ সাজা প্রদান করেন।

