মেহেরপুরে অস্ত্র আইনের মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড
মেহেরপুরের গাংনী উপজেলার একটি অস্ত্র মামলায় মো. সামরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। সাজা ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন না।
মামলার বিবরণ তুলে ধরে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোখলেছুর রহমান খান স্বপন জানান, ২০১২ সালের ৪ ডিসেম্বর গাংনী উপজেলার তেরাইল গ্রামে অভিযান চালায় র্যাব-৬-এর গাংনী ক্যাম্পের একটি দল। ওই অভিযানে গ্রামের আমিরুল ইসলামের ছেলে সামরুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি দেশি তৈরি ওয়ান শুটারগান, দুটি গুলি এবং ৭.৬৫ মিলিমিটার পিস্তলের একটি ম্যাগাজিন উদ্ধার করেন র্যাব সদস্যরা।
অস্ত্র উদ্ধারের ওই ঘটনায় সামরুলের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে বিচারিক কার্যক্রম চলাকালে আদালত মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য নেন। সাক্ষ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে বিচারক আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এ কারাদণ্ডের আদেশ দেন।
মামলাটিতে আসামিপক্ষের আইনজীবী হিসেবে নিয়োজিত ছিলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান।

