ইনানীর রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০: চুয়াডাঙ্গার মা-শিশুসহ শনাক্ত ৬

কক্সবাজারের উখিয়ায় ইনানী সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে ছয় পর্যটকের পরিচয় পাওয়া গেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে চুয়াডাঙ্গার এক নারী ও তাঁর পাঁচ বছর বয়সী সন্তানও রয়েছেন। বাকি নিহতরা সবাই রাজধানীর বাসিন্দা।
শনাক্ত হওয়া ছয়জনের মধ্যে পাঁচজন নারী ও এক শিশু রয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গার নিহত দুজন হলেন—ফারিহা কবির (৩৩) ও তাঁর পাঁচ বছরের ছেলে ফায়িজান আহম্মেদ। তবে চুয়াডাঙ্গায় তাঁদের সুনির্দিষ্ট ঠিকানা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে নিহত ঢাকার চার পর্যটক হলেন—বনশ্রী এলাকার বাসিন্দা ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩) এবং খিলগাঁও এলাকার লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭)।
যেভাবে ঘটল দুর্ঘটনা
শনিবার সকাল সাতটার দিকে উখিয়ার ইনানী সৈকতসংলগ্ন পাটুয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভের পাশে অবস্থিত ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে’ হঠাৎ আগুন ধরে যায়। কাঠের কাঠামোয় নির্মিত হওয়ায় মুহূর্তেই আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘটনাস্থলেই পর্যটকসহ ১০ জনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত উদ্ধারকাজে অংশ নেয়। তাদের কয়েক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে সেখানে আগুন লেগেছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

