পাম্পে তেল নিয়ে প্রস্থান, ৫ কিলোমিটার ধাওয়ায় আটক ২

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পরপর দুটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নিয়ে মূল্য পরিশোধ না করে পালানোর অভিযোগে দুই মোটরসাইকেল আরোহীকে আটক করেছেন স্থানীয় লোকজন। গতপরশু শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার দুটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। প্রথম পাম্পে তেল নিয়ে পালানোর পর দ্বিতীয় পাম্পেও একই কায়দায় তেল নিয়ে পালানোর চেষ্টা করলে পাম্প কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে তাদের আটক করেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক দুজন হলেন-ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিদাপদাড়া গ্রামের সেলিম রেজা (৪২) ও নিয়ামতপুর গ্রামের শান্ত রহমান (২০)। পাম্প কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টা ৪৮ মিনিটের দিকে ওই দুই ব্যক্তি দুটি মোটরসাইকেল নিয়ে চুয়াডাঙ্গা জেলা জ্বালানি তেল পরিবেশক ও পেট্রলপাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক তসলিম আরিফের মালিকানাধীন চুয়াডাঙ্গা ফিলিং স্টেশনে যান। সেখানে তারা এক হাজার ৭৫০ টাকার জ্বালানি তেল নেন। পরে কৌশলে পাম্পের কর্মচারীকে অন্যদিকে সরিয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যান। এ সময় তারা তেলের মূল্য পরিশোধ করেননি বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি বুঝতে পেরে চুয়াডাঙ্গা ফিলিং স্টেশনের মালিক তসলিম আরিফ চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের ডিঙ্গেদহ এলাকার হাইওয়ে ফিলিং স্টেশনসহ সরোজগঞ্জ এলাকার অন্যান্য পাম্প মালিকদের মুঠোফোনে সতর্ক করেন। একই কায়দায় তেল নিয়ে পালানোর আশঙ্কায় তাদের সতর্ক থাকতে বলা হয়। এরপর রাত ১০টা ২৫ মিনিটের দিকে ওই দুই মোটরসাইকেল আরোহী ডিঙ্গেদহ এলাকার হাইওয়ে ফিলিং স্টেশনে পৌঁছান। সেখানে তারা আগের মতোই এক হাজার ৭৫০ টাকার জ্বালানি তেল নেন। পরে মূল্য পরিশোধ না করে মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহের দিকে পালানোর চেষ্টা করেন। আগে থেকেই সতর্ক থাকায় দ্বিতীয় পাম্পের কর্তৃপক্ষ তাদের গতিবিধি লক্ষ্য করেন। পরে পাম্প কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। একপর্যায়ে প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়ার পর ডিঙ্গেদহ-সংলগ্ন মহাসড়কের একটি অংশ থেকে তাদের আটক করা হয়। পরে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাটি তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গার পুলিশ সুপারকে জানানো হলে তিনি দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, এ ঘটনায় পাম্প মালিকপক্ষের পক্ষ থেকে সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযুক্ত দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

