গাংনীতে সারের কৃত্রিম সংকট তৈরির দায়ে বিএডিসি ডিলারকে জরিমানা

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে সাজিদুর রহমান নামের এক বিএডিসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি কাথুলী ইউনিয়নের নওয়াপাড়া বাজারের মেসার্স বিশ্বাস ট্রেডার্সের স্বত্বাধিকারী।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নওয়াপাড়া বাজারে এই অভিযান চালান মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহম্মেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ডিলার সাজিদুর রহমান সারের কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের বিপাকে ফেলছিলেন। এমন অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে এই অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানের সময় গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। এছাড়া শান্তিশৃঙ্খলা রক্ষায় গাংনী থানা-পুলিশ ও আনসার সদস্যদের একটি যৌথ দল আদালতকে সার্বিক সহযোগিতা করে।
প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, কৃষকদের স্বার্থরক্ষা এবং সার বাজারে যেকোনো ধরনের কারসাজি বা কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

