‘ডিএনসিসির টেন্ডারনামা’ প্রকাশের পর এশিয়া পোস্টে সাইবার হামলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ঠিকাদারি কাজের অনিয়ম, দুর্নীতি এবং দরপত্রের সিন্ডিকেট নিয়ে ‘ডিএনসিসির টেন্ডারনামা’ শিরোনামে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছে এশিয়া পোস্ট। এ ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব প্রকাশের পর থেকে এশিয়া পোস্ট ফেসবুকে পেজে সাইবার হামলা চালানো হচ্ছে। এ কাজে ‘FX TUHIN’ নামের এক আইডির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়াও বেশ কয়েকটি আইডি ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বিষয়টি এশিয়া পোস্টের তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের নজরে আসে। আইটি টিম সক্রিয় থাকায় বিভিন্নভাবে চেষ্টা করেও কিছু করতে পারেনি দুষ্কৃতিকারীরা। এখন পর্যন্ত ওয়েব পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্ল্যাটফর্মে প্রকাশিত সংবাদ ও ভিডিও কনটেন্ট সক্রিয় রয়েছে।
এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় এশিয়া পোস্টের হেড অব নিউজ শাকিল ফারুক বলেন, ‘অনুসন্ধানী সংবাদ প্রকাশের পরে সাইবার হামলা স্বাধীন গণমাধ্যমের মতপ্রকাশের জন্য হুমকিস্বরূপ। এসব করে আমাদের কাজ থামিয়ে রাখা যাবে না। অনিয়ম-দুর্নীতির তথ্য প্রচার করবই।’
তিনি আরও বলেন, ‘সাইবার হামলার বিষয়ে আমাদের আইটি টিম সক্রিয় আছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

