সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মজুরি বোর্ড গঠনের পরও অশান্ত শিল্পাঞ্চল, বন্ধ ৭০০ পোশাক কারখানা

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম
মজুরি বোর্ড গঠনের পরও অশান্ত শিল্পাঞ্চল, বন্ধ ৭০০ পোশাক কারখানা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সোমবার (২ নভেম্বর) টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে পোশাকশ্রমিকরা। গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভারের আশুলিয়ার পাশাপাশি রাজধানীর মিরপুরেও মাঠে নেমেছে তারা। পরিস্থিতি সামাল দিতে রোববার (১ নভেম্বর) পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করে সরকার। এতেও শান্ত হয়নি শিল্পাঞ্চল। সাম্প্রতিক অস্থিরতা শুরুর পর গত তিন দিনে (সোমবার বিকেল ৫টা পর্যন্ত) অন্তত ৭০০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।

উদ্ভূত পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলো সাধারণ ছুটি ও বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এর মধ্যে ৬৮০টি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনে (বিকেএমইএ) তালিকাভুক্ত ২০টি প্রতিষ্ঠানও রয়েছে তালিকায়।

শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে সোমবার গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়। আশুলিয়ার নরসিংহপুরে দুপুরের দিকে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। বিক্ষোভ দমনে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। বিক্ষুব্ধ শ্রমিকরা একটি কাভার্ডভ্যানে আগুন দেয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হলে এক পুলিশ সদস্য আহত হন। আটক করা হয় দুজনকে। গাজীপুর, ময়মনসিংহ ও মিরপুরের বেশকিছু কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষোভকারীদের দাবি, ন্যূনতম ৩০ হাজার টাকার মজুরির পাশাপাশি আন্দোলনরতদের কালো তালিকাভুক্তি বন্ধ করতে হবে। পাশাপাশি ছাঁটাই হওয়া শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করতে হবে।

বিজিএমইএর সহসভাপতি মিজানুর রহমান বলেন, সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত শ্রমিকরা কাজে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় সংগঠনটির ৬৭০টি সদস্য কারখানায় উৎপাদন কার্যক্রম স্থগিত করতে হয়। এসব প্রতিষ্ঠানে প্রায় ১৬ লাখ ৮০ হাজার শ্রমিক কাজ করেন। বিকেল পর্যন্ত আরও অন্তত ১০টি কারখানা বন্ধের খবর পাওয়া গেছে।

বিকেএমইএর তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে নারায়ণগঞ্জের ২০টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এগুলোতে ৫০ হাজারের বেশি শ্রমিক রয়েছে।

সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের শুরু সাভারের আশুলিয়া থেকে। সেখানকার কাঠগড়া, আমতলা ও নয়াপাড়া এলাকায় গত শনিবার সকাল থেকে শ্রমিক অসন্তোষ দানা বাঁধে। প্রথমে নাঈম নিটওয়্যারের কর্মীরা কারখানায় কর্মবিরতি পালন করে, পরে সড়কে নেমে বিক্ষোভ করে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...