৭ ডিসেম্বরের মধ্যে হাজিদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান হাবের

২০২৭ সালের জন্য প্রাথমকিভাবে নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৭ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। একই সঙ্গে বাংলাদেশের জন্য ২০২৭ সালের হজে আরও ২০ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দের দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর নয়া পল্টনের হোটেল ভিক্টোরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানান হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। এতে স্বাগত বক্তব্য দেন হাবের সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৭ সালের হজে প্রাথমিকভাবে নিবন্ধিত যাত্রীদের ৭ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে প্রাথমিক নিবন্ধন বাতিল হতে পারে। একই সঙ্গে অনিশ্চিত হয়ে পড়তে পারে তাদের হজযাত্রা।

