কয়েক দাবিতে প্রধানমন্ত্রীকে শিক্ষা ক্যাডারদের স্মারকলিপি

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সাধারণ শিক্ষা ক্যাডারের প্রায় ১ হাজার ৮০০ শিক্ষক-কর্মকর্তা পদোন্নতির যোগ্যতা অর্জন করলেও তারা এখনও সহকারী অধ্যাপক হতে পারেননি। এ অবস্থায় দ্রুত পদোন্নতির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন ৩৮তম বিসিএসের শিক্ষক-কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া স্মারকলিপি ও মঙ্গলবার (৩ নভেম্বর) এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়েছে।
স্মারকলিপিতে পদোন্নতিজনিত জটিলতা নিরসন, প্রয়োজনীয় পদ সৃষ্টি এবং পদোন্নতির ক্ষেত্রে অন্যান্য ক্যাডারের সঙ্গে বৈষম্য দূর করার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩৬তম থেকে ৩৮তম ব্যাচের প্রায় ১ হাজার ৮০০ কর্মকর্তা পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তারা প্রভাষক পদেই কর্মরত। অথচ একই সময়ে চাকরিতে যোগ দেওয়া অন্য ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি পেয়েছেন। এমনকি কয়েকটি ক্যাডারে ৩৮তম বিসিএসের কর্মকর্তাদেরও পদোন্নতি দেওয়া হয়েছে।

