বাংলাদেশে পোশাকশ্রমিক আন্দোলন ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যা বললেন জয়সওয়াল

বাংলাদেশে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, ‘আমরা বাংলাদেশের চলমান সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছি।’
বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব ভারতের অর্থনীতি ও আন্তসীমান্ত বাণিজ্যে পড়তে পারে কি না, এমন প্রশ্নের জবাবেও তিনি বলেন, বাংলাদেশে কী ঘটছে, তা ভারত নজরে রাখছে। দুই দেশের সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান ইতিবাচক।
জয়সওয়াল বলেন, ‘আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সেখানে বিভিন্ন ঘটনা ঘটছে এবং আমরা সেগুলো পর্যবেক্ষণ করছি। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্কের দিকে এগিয়ে যেতে চাই।’
গঙ্গা পানি চুক্তি নিয়েও ব্রিফিংয়ে প্রশ্ন ওঠে। পিটিআইয়ের এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশের বিরোধী দলের এক নেতা বলেছেন, ভারত পানি না দিলে ভারতীয় পণ্য, করিডর ও ট্রানজিট বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে গঙ্গা চুক্তিতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তিনি।

