সরকারি কর্ম কমিশনকে দলীয়করণের অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি ছাত্রশিবিরের

সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) দলীয়করণের যেকোনো অপচেষ্টা জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকারের পরিপন্থি বলে মন্তব্য করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। প্রয়োজনীয় সংস্কার ছাড়া প্রতিষ্ঠানটিতে দলীয় বিবেচনায় কাউকে বসানো হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
এক বিবৃতিতে ছাত্রশিবিরের শীর্ষ নেতৃদ্বয় অভিযোগ করেন, সরকারের একজন মন্ত্রী সম্প্রতি পিএসসির সদস্যদের ডেকে নিয়ে রাজনৈতিক সরকারের মর্জি অনুযায়ী কাজ করার ইঙ্গিত দিয়েছেন। কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান কারও পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান নয় উল্লেখ করে তারা বলেন, পিএসসিকে সরকারের রাজনৈতিক ইচ্ছা বাস্তবায়নের হাতিয়ারে পরিণত করার অধিকার কারও নেই।
শিবির নেতারা বলেন, রাষ্ট্র সংস্কারের কথা বলে ক্ষমতায় আসার পর নিজেদের অবস্থান সুসংহত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রভাব খাটানোর চেষ্টা চালাচ্ছে সরকার। উচ্চ আদালত, বিশ্ববিদ্যালয় ও মাঠ প্রশাসনের শীর্ষ পদগুলোতে মেধা ও জ্যেষ্ঠতা পাশ কাটিয়ে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রশ্নফাঁস এবং ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার মতো ঘটনা সরকারের দলীয়করণ নীতিরই প্রতিফলন বলে দাবি করেন তারা।
স্বাধীন ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে নেওয়ার চক্রান্ত চলছে অভিযোগ করে বিবৃতিতে বলা হয়, পিএসসির শীর্ষ নেতৃত্বে একের পর এক রদবদল সেই পরিকল্পনারই অংশ কি না, তা নিয়ে জনমনে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। সংস্কার ছাড়া প্রতিষ্ঠানটিতে কোনো দলীয় ব্যক্তিকে পদায়ন করা হলে তা ছাত্রসমাজ মেনে নেবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়।

