রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৩৪, মাদক ও অস্ত্র উদ্ধার

রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত চব্বিশ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ৩৭টি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে এই তথ্য জানানো হয়।
পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫২ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও বিভাগে ৯৫ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৬ জন, লালবাগ বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৩৩ জন, গুলশান বিভাগে ৩০ জন এবং রমনা বিভাগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করে।
অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ কেজি গাঁজা, ১ হাজার ৫০৬ পিস ইয়াবা, ৪টি চাকু ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে অপরাধীদের কবল থেকে একজন ভিকটিমকে উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ।

