তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে যুবদল: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয়তাবাদী যুবদল বহু সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে একটি ইস্পাতকঠিন বিএনপির অগ্রবাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্রের সংগ্রাম, মানুষের অধিকার রক্ষা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের অসংখ্য নেতা কর্মী জীবন উৎসর্গ করেছেন। তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে যুবদল।
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উৎপাদন, উন্নয়ন, জনকল্যাণ এবং সামাজিক সুরক্ষার যে নতুন রাজনীতির সূচনা করেছেন, সেই কর্মসূচি বাস্তবায়নে জাতীয়তাবাদী যুবদল অনবদ্য অবদান রাখবে। দেশের গঠনমূলক ও পুনর্গঠনমূলক কাজ এবং মানুষের আর্থিক উন্নয়নে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে যুবদল কাজ করে যাবে।

