মাতারবাড়ী নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে: জামায়াত আমির

মাতারবাড়ী নিয়ে সরকারের অবস্থান ও দৃষ্টিভঙ্গি জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, সরকার আধিপত্যবাদবিরোধী বক্তব্য দিলেও মাতারবাড়ী নিয়ে কী করা হয়েছে, তা জাতির সামনে পরিষ্কার করতে হবে। কোনো আধিপত্যবাদী শক্তির সঙ্গে এমন চুক্তি করা যাবে না, যাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে গণভোটে বিজয়ী হলে সেই রায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন সেই প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে না। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সরকারের বিভিন্ন নিয়োগের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, বিশ্ববিদ্যালয়, জেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় ব্যক্তিদের বসানো হচ্ছে। পিএসসি ও দুর্নীতি দমন কমিশনের নিয়োগে অনিয়ম হচ্ছে।
র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল রেসপন্সিবিলিটি বাহিনী (এসআরবি) গঠনের সমালোচনা করে তিনি বলেন, শুধু নাম পরিবর্তন করলেই হবে না। বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।

