আবু বকর (রা.) ইসলাম গ্রহণ করেছিলেন যেভাবে

ইয়েমেন সফর ও ঐতিহাসিক ইসলাম গ্রহণের ঘটনা
হজরত আবু বকর (রা.)-এর ইসলাম গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে ঐতিহাসিক বর্ণনায় এসেছে—নবুয়তপ্রাপ্তির কিছুদিন পূর্বে আবু বকর (রা.) কোনো এক ব্যবসায়িক বা ব্যক্তিগত প্রয়োজনে ইয়েমেনে গিয়েছিলেন। ইয়েমেন থেকে মক্কায় ফিরে এসেই তিনি শুনতে পেলেন যে রাসুলুল্লাহ (সা.) নবুওয়াত লাভ করেছেন।
সংবাদটি শুনেই তিনি সরাসরি নবীজির কাছে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, ‘আপনি কি আপনার বাপ-দাদার ধর্ম ত্যাগ করেছেন?’
উত্তরে প্রিয় নবী (সা.) তাঁকে বললেন, ‘হে আবু বকর! আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সমগ্র মানবজাতির জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছি। অতএব, তুমি এক আল্লাহ ও আমার নবুওয়াতের ওপর ইমান আনো।’
এ কথা শোনার সঙ্গে সঙ্গেই আবু বকর (রা.) অত্যন্ত আনন্দের সঙ্গে বলে উঠলেন—
‘তাহলে আর দেরি কেন? আপনার হাতটি বাড়িয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর রাসুল।’
ইতিহাসে বর্ণিত আছে, অন্তরঙ্গ বন্ধু ও পরম বিশ্বস্ত সাহাবি হজরত আবু বকর (রা.)-এর এই ইসলাম গ্রহণের ঘটনায় আল্লাহর রাসুল (সা.) অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। (উসদুল গাবাহ: ৩/২০৮-২০৯)

