শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা, আসামি গ্রেপ্তারে এমপির আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম
বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা, আসামি গ্রেপ্তারে এমপির আলটিমেটাম

খুলনার ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলে শেখ তরিকুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবী। এ সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের বদলি করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) তরিকুল ইসলামের জানাজায় অংশ নিয়ে এ আলটিমেটাম দেন সংসদ সদস্য। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে পুলিশ। তাদের খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মাদক কারবার, মাছের ঘেরের চাঁদা দাবি, সরকারি খাল দখল এবং স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আনাম ও ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। তারা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

পুলিশ কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডের ঘটনা তদন্তাধীন রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনকে আটক করে খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর-আনছারাবাদ সড়কের আব্দুল গফ্ফার সানার চায়ের দোকানে তরিকুলকে গুলি করে হত্যা করা হয়। নিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আব্দুস সালামের ছোট ছেলে।

ময়নাতদন্ত শেষে শুক্রবার থুকড়া আলিয়া মাদ্রাসা মাঠে তরিকুলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শুক্রবার বিকেলে পারিবারিক গোরস্থানে তরিকুল ইসলামের লাশ দাফন করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...