যমুনায় ধরা পড়ল সাড়ে ১৮ কেজির বাঘাইড়, ২০ হাজারে বিক্রি

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১৮ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ। মাছটি বিক্রির জন্য স্থানীয় বাজারে আনা হলে তা দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। পরে স্থানীয় কয়েকজন ক্রেতা মিলে মাছটি ২০ হাজার টাকায় কিনে নেন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাহাদুরাবাদ সরদারপাড়া বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসা হয়। এর আগে চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানি বাজার এলাকার যমুনা নদীতে জেলে আব্দুর রশীদের জালে মাছটি ধরা পড়ে।
জেলে আব্দুর রশীদ বলেন, মাছটির আকার বেশ বড় হওয়ায় তাৎক্ষণিকভাবে একক কোনো ক্রেতা পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় সুলতান মন্ডলসহ কয়েকজন মিলে ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন। এরপর মাছটি কেটে নিজেদের মধ্যে ভাগ করে নেন তারা।
স্থানীয় বাসিন্দা মানিক সওদাগর বলেন, যমুনা নদীতে এখন এত বড় মাছ খুব একটা দেখা যায় না। বিশাল আকৃতির বাঘাইড় মাছটি বাজারে আনার পর সেটি দেখতে অনেক মানুষ ভিড় করেন।

