রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কুয়েতে নিরাপত্তারক্ষী হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তারহামের উপসর্গে ২ মৃত্যু, শনাক্ত ১৩৫৩পিএসসি ও দাখিলের পর আলিমেও চুয়াডাঙ্গার তানভীরের গোল্ডেন জিপিএ-৫মুলাদীতে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা‘সরি আম্মু, স্বপ্ন পূরণ করতে পারলাম না’, চিরকুটে মিলল এইচএসসি শিক্ষার্থীর শেষ কথাময়মনসিংহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তারবিএনপি থেকে বহিষ্কারের চার মাসেই প্রত্যাহার, গাজীপুরের ‘নতুন ডন’ হালিম মোল্লাবরিশালে পরিত্যক্ত স্থানে পড়ে ছিল ৯ ককটেলওএমএস কার্যক্রমে অনিয়ম-দুর্নীতি করলে ছাড় নয়: খাদ্যমন্ত্রীহেনস্তা করায় খেপেছেন ভারতীয় ক্রিকেটারের প্রেমিকা
বিজ্ঞাপন

উত্তর কাট্টলীর দুই মণ্ডপে ব্যতিক্রমী থিম, দর্শনার্থীদের কিলোমিটারজুড়ে ভিড়

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪২ এএম
উত্তর কাট্টলীর দুই মণ্ডপে ব্যতিক্রমী থিম, দর্শনার্থীদের কিলোমিটারজুড়ে ভিড়

চলতি দুর্গাপূজায় চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকার দুটি পূজামণ্ডপকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও দর্শনার্থীদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে। মণ্ডপের শৈল্পিক রূপ ও আয়োজন দেখতে দূরদূরান্ত থেকে আসা মানুষের লাইন ছড়িয়ে পড়েছে কয়েক কিলোমিটার পর্যন্ত।

শনিবার গভীর রাতের চিত্র তুলে ধরে স্থানীয় বাসিন্দা জুয়েল শীল চুয়াডাঙ্গা ডট নেটকে জানান, রাত ১২টার পরও অন্তত তিন কিলোমিটার দীর্ঘ লাইন দেখা গেছে। হাজার হাজার মানুষের এই ঢল সামাল দিতে গিয়ে স্বেচ্ছাসেবকদের রীতিমতো হাঁসফাঁস অবস্থা। তিনি বলেন, আয়োজক ও কর্মীদের পরিশ্রমের শেষ নেই। ভিড়ের কারণে চাঁদা তোলার সুযোগ পর্যন্ত হয়নি। তবে সব কষ্ট ছাপিয়ে এত মানুষের উপস্থিতি বেশ আনন্দের।

অঘোরী নৃত্য ও আধ্যাত্মিক ভাবনার মেলবন্ধন

উত্তর কাট্টলীর বড় কালী বাড়ির পূজায় এবার মূল আকর্ষণ ‘অবিনশ্বর’ থিম। এই থিমের সঙ্গে বাড়তি মাত্রা যোগ করেছে টাঙ্গাইল থেকে নিয়ে আসা শিবভক্ত অঘোরীদের নৃত্য। তাদের পরিবেশনা দেখতে মণ্ডপ প্রাঙ্গণে দর্শনার্থীদের বাড়তি কৌতূহল দেখা গেছে।

শিল্পভাবনায় ‘অবিনশ্বর’ বলতে ক্ষয়হীন ও শাশ্বত সত্যকে নির্দেশ করা হয়েছে। মানবজীবন ক্ষণস্থায়ী হলেও আত্মা, প্রকৃতি ও পরম সত্য চিরন্তন—এমন গভীর দার্শনিক বক্তব্যই মণ্ডপটিতে ফুটিয়ে তুলেছেন শিল্পী তন্ময় দাশ। জীবনের সুখ-দুঃখের চক্র কিংবা সৃষ্টির মাঝে ধ্বংসের নিয়ম প্রকৃতিরই অবিনাশী রূপ, দর্শনার্থীদের সামনে সেই আবহটিই শৈল্পিকভাবে উপস্থাপিত হয়েছে।

এর ঠিক পাশেই অবস্থিত উত্তর কাট্টলী তালুকদার বাড়ির (বাণী মন্দির)। কেবল চোখ ধাঁধানো সাজসজ্জা নয়, মানুষের মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক যাত্রার এক অনন্য প্রকাশ ঘটেছে এই মণ্ডপে। চিরাচরিত রীতির বাইরে গিয়ে যারা একটু ভিন্ন চিন্তা ও শিল্পচেতনার ছোঁয়া চান, তাদের জন্য এই আয়োজনটি অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

উপচে পড়া ভিড়ে বাড়ছে উদ্বেগ

এদিকে দর্শনার্থীদের মাত্রাতিরিক্ত চাপে তৈরি হয়েছে নিরাপত্তাজনিত শঙ্কা। বিষয়টি নিয়ে বিদ্যুৎ চন্দ্র দাস নামের এক দর্শনার্থী জানান, সম্প্রতি কলকাতার একটি ঘটনায় অতিরিক্ত ভিড়ের কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। উত্তর কাট্টলীর বড় কালী মন্দিরের অবিনশ্বর তাণ্ডব নৃত্য ও তালুকদার বাড়ির ‘রিপু রজনী’ দেখতে মানুষের প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে। তাই তাড়াহুড়ো না করে ধীরেসুস্থে দর্শন করার পরামর্শ দিয়ে তিনি আয়োজকদের আরও সতর্ক হওয়ার তাগিদ দেন। অতিরিক্ত ভিড়ের কারণে আগের রাতে নির্ধারিত সময়ের আগেই দর্শন বন্ধ করতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ।

যানজটের কারণে মণ্ডপ পর্যন্ত পৌঁছাতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজ্ঞতা শেয়ার করেছেন সীমান্ত দাস গুপ্ত। তিনি লিখেছেন, আকবরশাহ এলাকায় দীর্ঘ যানজটের কারণে পূজা না দেখেই ফিরে আসতে হয়েছে। যাদের সঙ্গে শিশু বা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, তাদের সেখানে না যাওয়াই ভালো হবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হয়ে পর্যাপ্ত সময় নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

একই সঙ্গে পূজা কমিটির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অনবদ্য আয়োজনের মধ্য দিয়ে আয়োজকরা চট্টগ্রামকে বিশ্বদরবারে দারুণভাবে তুলে ধরেছেন। তবে এই মুহূর্তে লাখ লাখ ভক্তের নিরাপত্তাই হওয়া উচিত প্রধান অগ্রাধিকার। নিরাপত্তার যেন কোনো ঘাটতি না থাকে, যাতে উৎসবের আনন্দ বেদনায় রূপ না নেয়।

জেএম সেন হলে যাবেন প্রধানমন্ত্রী, কড়া নিরাপত্তা

চট্টগ্রাম মহানগরজুড়ে এবার প্রায় ২ হাজার ৬০০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সামগ্রিকভাবে এবার নগরের পূজায় যুক্ত হয়েছে ভিন্ন এক আবহ। এর মধ্যে আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শনে আসবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের আমেজে বাড়তি মাত্রা যোগ হয়েছে।

মহানগরীর নিরাপত্তা নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে কঠোর ব্যবস্থা। নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বিশেষ স্ট্রাইকিং ফোর্স। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব ঠেকাতে চলছে সাইবার নজরদারিও।

নিরাপত্তা প্রস্তুতির বিষয়ে এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান চুয়াডাঙ্গা ডট নেটকে বলেন, আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে আসবেন, যা চট্টগ্রামের মানুষের জন্য অত্যন্ত গর্বের। তার এই সফর নির্বিঘ্ন করতে নির্ধারিত প্রটোকল মেনে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সমন্বয়ে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তাবলয় গড়ে তুলেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...