বালু নিয়ে বিরোধে জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে বালু নিয়ে পূর্ববিরোধের জেরে মো. ইউসুফ নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ইউসুফ চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের বাজার এলাকার বাসিন্দা। তিনি জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি ইসলামী সংগীতশিল্পী হিসেবেও তার পরিচিতি ছিল। সম্প্রতি জীবিকার প্রয়োজনে তিনি মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালু নিয়ে ফারিহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের পক্ষের লোকজনের সঙ্গে ইউসুফের পূর্ববিরোধ ছিল। এ বিরোধের জেরে আবুল কালাম আজাদ তাকে আমজাদের বাজার এলাকায় যেতে নিষেধ করেছিলেন বলে জানা গেছে।
সোমবার ইউসুফ ওই এলাকায় গেলে আবুল কালাম আজাদের নেতৃত্বে তার গাড়িচালকেরা তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

