তরুণীকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে রিফাত বিন সাজ্জাদকে (২৪) মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হুসেইন মোহাম্মদ ফজলুল বারী ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও অপরাধের নৃশংসতা বিবেচনা করে এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিফাত বিন সাজ্জাদ পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রামের বাসিন্দা। এর আগে, ২০২৫ সালের ৮ মার্চ আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আরশাদুল হক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত বছরের (২০২৫) ১৪ জানুয়ারি সকালে আটোয়ারী উপজেলার কিসমত রেলগেট এলাকার একটি স্কুলের পেছনে রেললাইন থেকে এক অজ্ঞাতপরিচয় তরুণীর ক্ষতবিক্ষত ও ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। এর প্রায় দুই মাস পর, ৮ মার্চ সকালে উপজেলার পল্লীবিদ্যুৎ মোড় এলাকা থেকে ইজিবাইক চুরির অভিযোগে স্থানীয়দের সহায়তায় রিফাত বিন সাজ্জাদকে আটক করে পুলিশ। এ সময় তার মোবাইল ফোনে কিছু অসামাজিক ভিডিও ও ছবি দেখে সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে রেললাইনে উদ্ধার হওয়া তরুণী হত্যায় তার সম্পৃক্ততার বিষয়টি বেরিয়ে আসে।

