ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় যাত্রীবাহী বাস, আহত ৮

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিমতলা এলাকায় হাওলাদার ফিলিং স্টেশনের সামনে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাওয়া থেকে ঢাকাগামী এভারেস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অজ্ঞাতনামা একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং আটজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

