সিজারের পর অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষ উধাও

স্বজনদের অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষ ৩৫ হাজার টাকা নিয়ে গতকাল রোববার রাত ১টার দিকে তাঁর অস্ত্রোপচার করে। কয়েক ঘণ্টা পর রোগীর জন্য রক্তের প্রয়োজন বলে জানানো হলে স্বজনেরা রক্ত সংগ্রহের চেষ্টা করেন। তবে সোমবার সকালে ক্লিনিকে গিয়ে আদরীকে নিথর অবস্থায় দেখতে পান তাঁরা। এ সময় ক্লিনিক কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। পরে নার্সরা তাঁকে রংপুরে নেওয়ার কথা বলেন।
নিহতের বোন মাহফুজা আক্তার বলেন, ‘রাত ১টার দিকে সিজারে আমার বোনের একটি পুত্রসন্তান হয়। পরে রক্তের প্রয়োজনের কথা জানালে সংগ্রহ করে সকালে এসে দেখি, বোনের শরীর ঠান্ডা, কোনো কথা বলছে না।’ তাঁর দাবি, ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় আদরীর মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্লিনিকটির স্বত্বাধিকারী লালমনিরহাট পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু। তিনি মৃত সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ছেলে এবং শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা। তবে এ ঘটনায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ক্লিনিকে গিয়েও কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। সেখানে থাকা নার্সরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, খবর পেয়ে ক্লিনিকে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার থানায় লিখিত অভিযোগ না করায় এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের লিখিত আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা যাবে। সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মরদেহ ক্লিনিকেই ছিল।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. হাকিম বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে।’

