সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

রক্তদাতা না পেয়ে দিশেহারা স্বজন, মুমূর্ষু রোগীকে রক্ত দিলেন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম
রক্তদাতা না পেয়ে দিশেহারা স্বজন, মুমূর্ষু রোগীকে রক্ত দিলেন চিকিৎসক

জরুরি মুহূর্তে রক্তের ব্যবস্থা করতে পারছিলেন না স্বজনেরা। একের পর এক জায়গায় যোগাযোগ করেও পাওয়া যাচ্ছিল না রক্তদাতা। এ অবস্থায় মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে এগিয়ে এলেন হাসপাতালেরই এক চিকিৎসক। রোগীর রক্তের গ্রুপের সঙ্গে নিজের রক্তের গ্রুপ মিলে যাওয়ায় নিজেই রক্ত দিলেন তিনি।

মানবিক এ উদ্যোগ নিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহিদুল ইসলাম তুহিন। তার দেওয়া রক্তে শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়ে উঠছেন রোগী আঞ্জুরা বেগম (৪০)।

সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসকের রক্ত দেওয়ার বিষয়টি ছড়িয়ে পড়লে প্রশংসা করছেন অনেকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর ‘ইনকমপ্লিট অ্যাবরশন’ নিয়ে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন আঞ্জুরা বেগম। তিনি উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বোহরকাঠি গ্রামের বাসিন্দা। তার স্বামী মঞ্জু হাওলাদার দিনমজুর। পরীক্ষা-নিরীক্ষায় আঞ্জুরা বেগমের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনকভাবে কম পাওয়া যায়। এর সঙ্গে চলছিল রক্তক্ষরণ। শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত রক্ত দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

রোগীর স্বামী মঞ্জু হাওলাদার বলেন, তার স্ত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ। আত্মীয়স্বজনসহ বিভিন্ন রক্তদাতার সঙ্গে যোগাযোগ করেও ১ নভেম্বর সকাল পর্যন্ত রক্তের ব্যবস্থা করা সম্ভব হয়নি। এদিকে রক্তশূন্যতায় স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন চিকিৎসক মাহিদুল ইসলাম তুহিন। নিজের রক্তের সঙ্গে রোগীর রক্তের ক্রস ম্যাচিং মিলে যাওয়ায় তিনি রক্তদান করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...