জমি নিয়ে বিরোধে হামলায় প্রাণ গেল গৃহবধূর

কুষ্টিয়ার কুমারখালীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগে নাসিমা খাতুন (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ভোরে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাসিমা খাতুন বাটিকামারা এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, বসতবাড়ির জমি দখলকে কেন্দ্র করে মোমিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল নাসিমাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে নাসিমা ও তার পুত্রবধূর সঙ্গে হামলাকারীদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে নাসিমা আঘাত পেয়ে মাটিতে পড়ে যান।
পরে তার পুত্রবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তারা নাসিমাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

