কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আবু মোকারম চট্টগ্রামের চন্দনাইশ থানার উত্তর বরকল এলাকার আবু তালেবের ছেলে। তিনি চট্টগ্রামের চন্দনাইশে একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯ সালে চন্দনাইশ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আবু মোকারমকে ২০১৩ সালের ১৯ মে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত। ওই বছরের ৯ জুলাই থেকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন ও উদ্ভূত পরিস্থিতির মধ্যে ৬ আগস্ট সকালে কারাবন্দীরা সংঘবদ্ধ হয়ে দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারারক্ষীদের জিম্মি করে বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি মই দিয়ে কারাগারের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান। পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে আবু মোকারমও ছিলেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করে।

