মাদকের টাকার বিরোধে পাহাড়ে নিয়ে নির্যাতন, প্রাণ গেল দুজনের

কক্সবাজারের টেকনাফে ইয়াবার চালান ও টাকা আত্মসাতের অভিযোগে চারজনকে ধরে নিয়ে নির্যাতনের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে ও দুপুরে উপজেলার হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের পৃথক পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আহত অপর দুজনকে পুলিশি হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকার কালু ফকিরের ছেলে মো. আকবর ওরফে আব্বুইয়া (৩০) এবং একই ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার মৃত আবদু সালামের ছেলে মোক্তার আহমদ (৪৮)। আহত দুজন হলেন তুলাতলী এলাকার মৃত আমির হোসেনের ছেলে আলী আহমদ (৪০) ও আবুল হোসেনের ছেলে মো. ইলিয়াস (৩৫)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকাল ৯টার দিকে পশ্চিম পানখালী বন বিট কার্যালয়সংলগ্ন এলাকা থেকে মোক্তার আহমদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় আহত অবস্থায় আলী আহমদ ও ইলিয়াসকেও উদ্ধার করা হয়। পরে দুপুর সোয়া ১টার দিকে হ্নীলা ইউনিয়নের বড় লেচুয়াপ্রাং পাহাড়ি এলাকা থেকে আকবর ওরফে আব্বুইয়ার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও আহত ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, এক লাখ ইয়াবার একটি চালান এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার পথে ডাকাত দল সেটি ছিনিয়ে নেয়। পরে ছিনিয়ে নেওয়া চালানের ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হলেও বাকি ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করেই চারজনকে ধরে নিয়ে নির্যাতন করা হয়।
আহত ইলিয়াস জানান, মাদকের চালানটি চেকপোস্ট পার করে টেকনাফের হোয়াইক্যংয়ের দৈংগ্যাকাটা পাহাড়ে অন্য একটি দলের কাছে হস্তান্তরের কথা ছিল। পথে ডাকাত দল চালানটি ছিনিয়ে নেয়। পরে টাকা আত্মসাতের অভিযোগ তুলে হোয়াইক্যংয়ের তুলাতলী এলাকার মিজান তাদের চারজনকে বিচারের কথা বলে সোমবার রাতে হ্নীলার একটি দলের হাতে তুলে দেন। এরপর তাদের পাহাড়ে নিয়ে ব্যাপক মারধর করা হয়। এতে মোক্তার আহমদের মৃত্যু হয়।
ইলিয়াস আরও জানান, ইয়াবার চালানটির মালিক হ্নীলার একজন মাদক কারবারি।
নিহত মোক্তার আহমদের শ্যালক মোহাম্মদ ইউনুছ বলেন, মঙ্গলবার রাতে মোক্তার বাড়ি ফেরেননি। বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে পানখালী এলাকায় তার মরদেহ পড়ে থাকার খবর দেখতে পান তিনি।
পানখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসমাঈল বলেন, বুধবার ভোরে ফজরের নামাজ পড়ে বাইরে বের হয়ে দেখেন, একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তিনজনকে নামিয়ে সেখানে ফেলে রেখে চলে যাওয়া হচ্ছে।

