চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন ৬ বিদেশি নাগরিক

বিপুল আইফোন ও ল্যাপটপসহ অনলাইন প্রতারণার অভিযোগে করা সাইবার মামলায় কক্সবাজারে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ছয় নাগরিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। চীনা দূতাবাসের জিম্মায় তাদের জামিন দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিমের আদালত এ জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এম. আবদুল মন্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যে আইনে মামলাটি করা হয়েছে, তা পর্যালোচনা করে চীনা দূতাবাসের জিম্মায় ছয় আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
জামিন পাওয়া ছয়জন হলেন তাইওয়ানের নাগরিক ওয়েই ছিং ওয়েন এবং চীনের নাগরিক সু ইয়াংফান, ইয়ান চ্যাংশেং, সু হাইয়াং, উ চিয়ানশিয়ং ও ঝাং ঝেমিং।
এদিকে কক্সবাজার জেলা কারাগারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার বিকেল ৫টা পর্যন্ত বিদেশি ছয় নাগরিকের জামিন আদেশের কপি কারাগারে পৌঁছায়নি। জামিন আদেশের কপি হাতে পাওয়ার পর আইনি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

