বসতবাড়িতে অগ্নিকাণ্ড, নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবেশীর মৃত্যু

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামে অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ সময় আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী মুসা শেখ (৪২) নামে এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে ঘর ও আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গিয়ে অন্তত ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে মৌভোগ গ্রামের লিয়াকত শেখের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আলী মুসা শেখ একই গ্রামের মৃত আজিত শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে হঠাৎ লিয়াকত শেখের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা দ্রুত তা নেভানোর চেষ্টা চালান। এ সময় আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রতিবেশী আলী মুসা শেখ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও রাস্তা সরু হওয়ায় গাড়ি নিয়ে সেখানে প্রবেশ করতে পারেনি। পরে ফায়ার সার্ভিস কর্মীরা বালতিতে করে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বসতঘরসহ নগদ টাকা, আসবাবপত্র ও সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, ঘরে জমি বিক্রির নগদ টাকাসহ যাবতীয় মালামাল পুড়ে গেছে। এতে তাদের ৬ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

