সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা

নিহত ওই শিক্ষার্থীর নাম আদনান আলতাফ। তিনি ভারতের জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বুনপাড়া, দাঙ্গালপাড়ার বাসিন্দা আলতাফ হোসাইন রাথারের ছেলে। কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন আদনান। আজ বুধবার সকালে কলেজের পাশের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন ওই জলাশয়ে ভাসছিল তাঁর নিথর দেহ। গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি।
কলেজ সূত্রে জানা যায়, আদনান দীর্ঘদিন ধরে পড়াশোনায় অনিয়মিত ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত ক্লাস ও পড়াশোনা করতে পারেননি। এতে তাঁর শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়। পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তাঁকে চিকিৎসা ও কাউন্সেলিংয়ের জন্য দেশে নিয়ে যাওয়া হয়।

পরে সুস্থ হয়ে আবার পড়াশোনা শুরু করবেন, পরীক্ষায় অংশ নেবেন—এমন প্রত্যাশা থেকেই পরিবারের উদ্যোগে তাঁকে আবার বাংলাদেশে নিয়ে আসা হয়। গত ৩০ অক্টোবর পরীক্ষায় অংশ নেওয়ার উদ্দেশ্যে মাকে নিয়ে বাংলাদেশে আসেন আদনান। সন্তানের পড়াশোনার বিষয়টি যাতে আর বাধাগ্রস্ত না হয়, সে জন্য মা নিজেও তাঁর সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।

