‘ধর্ম অবমাননার’ অভিযোগে শামীম হত্যা মামলায় যুবদল নেতা সাদিকুল রিমান্ডে

সাতক্ষীরার দেবহাটায় ‘ধর্ম অবমাননার’ অভিযোগে ওয়াহেদুজ্জামান শামীমকে (৩৮) পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার সাতক্ষীরার আমলি তৃতীয় আদালতের বিচারক নুসরাত জাহান এ আদেশ দেন। সাদিকুল ইসলাম দেবহাটা উপজেলার পারুলিয়া শেখপাড়ার শওকত আলীর ছেলে। তিনি পারুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব।
মামলার তদন্ত কর্মকর্তা দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, গত ২৮ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সাদিকুল। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আগামী রোববার দুপুর ১২টার মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

